আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বকেয়া একশো কোটি টাকার বেশি, কাজ করার পরেও বরাদ্দ টাকা না পেয়ে এবার জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদারেরা
---------------------*-------------
বিগত সরকারের আমলে বাঁকুড়া জেলাজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বকেয়া থাকা একশো কোটি টাকার বেশি অবিলম্বে দেওয়ার দাবিতে এবার বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হলেন জেলার ঠিকাদাররা। নিজেদের দাবির সমর্থনে বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে হাজির হন ঠিকাদারেরা। জেলা শাসকের দফতরের সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ আটকালে সেখানে বসেই বিক্ষোভ দেখান ঠিকাদাররা।
বিগত সরকারের আমলের একেবারে শেষের দিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করে রাজ্যের সরকার। ওই প্রকল্পে রাজ্যের প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয় ১০ লক্ষ টাকা। সেই টাকায় অধিকাংশ বুথে রাস্তাঘাট থেকে অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ করানো হয় ঠিকাদারদের মাধ্যমে। কিছু ক্ষেত্রে প্রকল্পের টাকা ঠিকাদারেরা পেয়ে গেলেও অধিকাংশ ঠিকাদারের টাকা বকেয়া পড়ে থাকে। এরই মাঝে সরকার বদল হয়ে গেলে বকেয়া টাকা আর মেলেনি। বাঁকুড়া জেলাতেই এই প্রকল্পে বকেয়া থাকা টাকার পরিমাণ ১০০ কোটির বেশি। বিপুল পরিমাণ ওই টাকা বকেয়া থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন ঠিকাদারেরা। বঞ্চিত ঠিকাদারেরা এদিন সেই বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবি নিয়ে এবার বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন। বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। আন্দোলনকারী ঠিকাদারদের দাবি বকেয়া ওই টাকা দ্রুত না মেটালে বহু ঠিকাদারকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।