ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানে আচমকা পুরসভার অভিযান! নাই ফুড লাইসেন্স, কী হবে বিখ্যাত এই স্ট্রিট ফুডের ভবিষ্যৎ?
কলকাতা: সোশ্যাল মিডিয়া কাঁপানো শিয়ালদহ এনআরএস হাসপাতাল সংলগ্ন ‘রাজুদার পকেট পরোটা’র দোকানে শনিবার সাতসকালে আচমকা হানা দিল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ (Food Safety Department)। শহরজুড়ে রাস্তার ধারের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিশেষ অভিযানের অংশ হিসেবেই শিয়ালদহ স্টেশন ও হাসপাতাল চত্বরের একাধিক দোকানে পরিদর্শন চালান পুরসভার আধিকারিকরা।
পরিদর্শনের সময় প্রকাশ্যে আসে বড় তথ্য—অত্যন্ত জনপ্রিয় এই দোকানের কোনো বৈধ ফুড লাইসেন্স নেই। তবে আধিকারিকরা এখনই দোকান বন্ধ করার কোনো নির্দেশ দেননি। বরং রাজুদাকে কীভাবে ফুড লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করতে হবে তা বিস্তারিত বুঝিয়ে দেন তাঁরা। একই সঙ্গে খাবারের গুণগত মান পরিমাপ করতে তরকারি ও পরোটার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আধিকারিক সূত্রে জানানো হয়েছে।
পরিদর্শনকালে খাদ্য সুরক্ষা বিভাগের তরফ থেকে দোকানটি আরও স্বাস্থ্যসম্মত উপায়ে চালানোর বেশ কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। খাবার ঢেকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত লাল গামছার জায়গায় পরিষ্কার সাদা কাপড় বা গামছা ব্যবহারের পরমর্শ দেন তাঁরা। পাশাপাশি খাবার পরিবেশন করার সময় হ্যান্ড গ্লাভস ও সার্জিক্যাল সেফটি ক্যাপ পরা, সেদ্ধ ডিম ও স্যানিটাইজার আলাদা আলাদা পাত্র ও নিরাপদ দূরত্বে রাখার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, এদিন শিয়ালদহ চত্বরের অন্যান্য বেশ কিছু ফুড স্টলেও অভিযান চালানো হয়। সেখান থেকে গুণগত মানে উতরাতে না পারা অস্বাস্থ্যকর ও পচা চিকেন, সিঙ্গারা ও কচুরির ডাল বাতিল করে নষ্ট করে দেন আধিকারিকরা।
পুরসভার এই অভিযানকে পূর্ণ সমর্থন জানিয়ে রাজুদা জানান, দূর-দূরান্তের মানুষ ও হাসপাতালের রোগীদের স্বজনেরা তাঁর দোকানে খেতে আসেন। তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা তাঁর নৈতিক দায়িত্ব। পুরসভার আধিকারিকদের দেওয়া সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই আগামীতে আরও বড় পরিসরে দোকান পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভাইরাল হ্যাশট্যাগ:
#RajuDarPorota #SealdahStreetFood #FoodSafetyRaid #KolkataNews #FoodSafety #KMC #RajuDaParatha #StreetFoodKolkata #ViralNews #WestBengalNews #BMGNewsBangla
তারিখ: ৩১ অক্টোবর, ২০২৬