দেবু সিংহ মালদাঃ রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন? সাবধান! ঝাঁ চকচকে রেস্তোরাঁর রান্নাঘরে মিলল অস্বাস্থ্যকর পরিবেশ
বাইরে থেকে ঝাঁ চকচকে, আধুনিক ও বিলাসবহুল রেস্তোরাঁ। কিন্তু রান্নাঘরে ঢুকতেই চোখ কপালে উঠল খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। ফ্রিজে দিনের পর দিন রাখা মাছ, মাংস, পনির ও অন্যান্য খাবার। রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবারের দুর্গন্ধে কার্যত নাক বন্ধ করতে হয় আধিকারিকদের। মালদহ শহরের মনস্কামনা রোড এলাকার একটি নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এমনই চিত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ অভিযান শুরু হয়। তারই অংশ হিসেবে মালদহ শহরের একাধিক নামী হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। মনস্কামনা রোডের ওই রেস্তোরাঁয় পৌঁছে রান্নাঘর পরিদর্শন করতেই একাধিক অনিয়ম নজরে আসে আধিকারিকদের।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, ফ্রিজে প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে মাছ, খাসির মাংস, পনির, মসলা-সহ বিভিন্ন কাঁচা খাবার রাখা ছিল। এমনকী নিকাশিনালার উপর দিয়ে খাবার নিয়ে কর্মীদের যাতায়াত করতে দেখা যায়। রান্নাঘরের মধ্যেই রয়েছে শৌচালয়। দীর্ঘদিন ধরে সংরক্ষিত খাবার থেকে পচা দুর্গন্ধও ছড়াচ্ছিল বলে অভিযোগ।
ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।
অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রেস্তোরাঁর রাঁধুনি রিঙ্কু হরিজন জানান, মাছ, খাসির মাংস, পনির, মসলা-সহ বিভিন্ন খাবার ১০ থেকে ১৫ দিন ধরে ফ্রিজে রাখা ছিল। তিনি কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছেন বলে দাবি করেন।
অভিযানের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেস্তোরাঁয় আসা ক্রেতারাও। নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।
English Bazar, Maldah | Aug 25, 2026