দেবু সিংহ মালদাঃ বন্যায় বিপর্যস্ত মালদার ভূতনি। তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এখনও জলবন্দি। একাধিক এলাকা জলমগ্ন হওয়ায় সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ফলে নৌকাই এখন দুর্গত মানুষের একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিল মালদার শিল্প ও ব্যবসায়ী মহল।
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের হাতে। দুপুর ১২টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একাধিক গাড়িতে করে সেই ত্রাণ সামগ্রী ভূতনির উদ্দেশে রওনা দেয়।
উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি, জেলা সভাপতি উজ্জ্বল সাহা, সহ সভাপতি সুভাস হালদার, সহ সম্পাদক বীরেশ রাজবংশী,তথ্য প্রজুক্তি শাখার ভারপ্রাপ্ত সম্প্রীত চক্রবর্তী ,সদস্য প্রসুন চিতলাংগিয়া, অমিত ঘোষ -সহ অন্যান্যরা। ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে বানভাসি মানুষের জন্য চাল, ডাল, আলু, বেবি ফুড, মশারি, চাদর -সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
বন্যার কঠিন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী মহলের এই উদ্যোগ দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।