পাচারের আগেই উদ্ধার কয়েক কোটি টাকার মূল্যের বিরল প্রজাতির প্রাণী (স্লো লরিস)। পুলিশের জালে গ্রেপ্তার দুই যুবক। তাদের নাম সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী থানা এলাকায় বন্যপ্রাণী পাচারের বিষয়ে একটি গোপন তথ্য পায় পুলিশ। অভিযানে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে অত্যন্ত বিপন্ন শ্রেণির একটি স্লো লরিস উদ্ধার হয়। রানাঘাট পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হবে এবং পুরো চক্রটির শিকড় খুঁজতে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই প্রাণীটি কোথা থেকে আনা হয়েছিল, এর সম্ভাব্য ক্রেতা কারা এবং স্থানীয় বা আন্তঃরাজ্য কোনও চক্র এর পেছনে সক্রিয় কি না তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া প্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।