*জামাইয়ের পাতে এবার টাটকা ইলিশ! বাজারে ঢুকল ৬০ টন রুপোলি ইলিশ, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে*
অমিত মণ্ডল, নামখানা:
জামাইষষ্ঠীর দিনে ভোজনরসিক বাঙালি ও শ্বশুরমশাইদের জন্য এক মস্ত বড় সুখবর! দীর্ঘ দু'মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গের বাজারে এল সমুদ্রের টাটকা রুপোলি ইলিশ। নিষেধাজ্ঞা উঠতেই যে সমস্ত ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল, তাদের মধ্যে বেশ কিছু ট্রলার প্রথম ট্রিপ শেষ করে শুক্রবার সন্ধ্যের মধ্যেই উপকূলে ফিরতে শুরু করেছে। আর প্রথম ধাক্কাতেই ফ্রেজারগঞ্জ, নামখানা ও কাকদ্বীপের ঘাট মিলিয়ে বাজারে চলে এসেছে প্রায় ৬০ টন ওজনের ইলিশ।
সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যে পর্যন্ত ফ্রেজারগঞ্জ, নামখানা ও কাকদ্বীপ মৎস্য বন্দরে সব মিলিয়ে প্রায় ৬০ টন ইলিশ সরাসরি ট্রলার থেকে আনলোড হয়েছে। আর বিভিন্ন আড়ত ও বাজার মিলিয়ে ইতিমধ্যেই প্রায় ৬০ টন ইলিশের জোগান চলে এসেছে। সবচেয়ে খুশির বিষয় হলো, এবার মরশুমের শুরুতেই যে ইলিশগুলো জালে উঠেছে, সেগুলির সাইজও বেশ বড়।
গভীর সমুদ্র থেকে ইলিশ নিয়ে ঘাটে ফেরা সুরজিৎ বর নামের এক মৎস্যজীবী বলেন, “আমরা প্রথম টিপেই বেশ ভালো পরিমাণের ইলিশ পেয়েছি। সবচেয়ে বড় কথা, মাছের সাইজ ও মান এবার খুবই ভালো। আজ জামাইষষ্ঠীর বাজারে এই ইলিশের যে ব্যাপক চাহিদা থাকবে এবং আমরা ভালো দাম পাব,সেই আশা করছি।”
মৎস্যজীবী সংগঠনগুলির দাবি, এখনও বহু ট্রলার গভীর সমুদ্রে রয়েছে। ফলে আজ ষষ্ঠীর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আরও প্রচুর পরিমাণে ইলিশ বাজারে আসবে। ফলে দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।