হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার বন্ধু
কলকাতার হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রোমোটার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আহত প্রোমোটারের নাম প্রদীপ মণ্ডল (৪৫)। তিনি পেশায় একজন প্রোমোটার এবং বিল্ডিং নির্মাণ সামগ্রী সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। হরিদেবপুর থানা এলাকার উদয়াচল-রামকান্তপুর এলাকায় তাঁর একটি দোকান রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১২টা নাগাদ প্রদীপবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘ সময় ফোনে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির পর রাতে তাঁর নিজের দোকানের ভেতরেই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। অভিযোগ, দোকানের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে গুরুতর আঘাত করা হয়েছে।
পরিবারের সদস্যরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনার তদন্তে নেমে হরিদেবপুর থানার পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম গোপাল দাস, ওরফে গোপাল বাগ। পুলিশ সূত্রে খবর, ধৃত গোপাল আহত প্রদীপ মণ্ডলের বন্ধু।
স্থানীয় সূত্রের খবর, ঘটনার রাতে অভিযুক্ত গোপাল ওই প্রোমোটারের সঙ্গেই ছিলেন। ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিবাদ নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল কারণ ও নেপথ্যের উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।