ঝাড়গ্রামে বালি ট্রাক্টর থেকে ‘তোলা’ আদায়ের অভিযোগ, কনস্টেবল-সহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বালি বোঝাই ট্রাক্টর থেকে নিয়মিত মাসিক ‘তোলা’ আদায়ের অভিযোগে ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক-সহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা (এসিবি)। ধৃতদের কাছ থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
অভিযোগ, ট্রাক্টর মালিক ও চালকদের কাছ থেকে মাসিক টাকা আদায় করে তা কনস্টেবলের কাছে পৌঁছে দেওয়া হত। এক ট্রাক্টর মালিকের অভিযোগের ভিত্তিতে গোপনে তদন্ত শুরু করে এসিবি। এরপর বাঁধগোড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, বালি ব্যবসায়ীর পরিচয়ে যোগাযোগ করে ৫ লক্ষ ৭০ হাজার টাকা কনস্টেবলের হাতে তুলে দেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। চারজনকেই জিজ্ঞাসাবাদের পর কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং ‘তোলা’ আদায়ের পরিধি কতটা, তা খতিয়ে দেখছে এসিবি।