বকখালিতে উত্তাল সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার।
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: সাতসকালে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপদে পড়লেন এক পর্যটক। ভাটার প্রবল টানে সমুদ্রে তলিয়ে যেতে থাকা ওই পর্যটককে প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টায় উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে আটজনের একটি পর্যটকদল এদিন বকখালিতে বেড়াতে আসে। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সতর্ক করতে সিভিল ডিফেন্সের তরফে বারবার মাইকিং করা হচ্ছিল। গভীর জলে না যাওয়ার জন্যও পর্যটকদের সতর্ক করা হয়। অভিযোগ, সেই সতর্কতা উপেক্ষা করেই দলের সদস্য ৫৩ বছরের উদয় বৈরাগ্য গভীর জলের দিকে চলে যান।
সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার প্রবল টানে তীর থেকে অনেকটা দূরে চলে যান উদয়। এরপরই জলে তলিয়ে যেতে শুরু করেন তিনি। বিপদ বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন ওই পর্যটক।
বিষয়টি নজরে আসতেই দ্রুত উদ্ধারে নামেন সিভিল ডিফেন্স কর্মীরা। সমুদ্র ব্যাপক উত্তাল থাকায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর সৈকতেই উদয় বৈরাগ্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পরে অসুস্থ পর্যটককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
প্রশাসনের তরফে ফের পর্যটকদের সতর্ক করা হয়েছে, সমুদ্র উত্তাল থাকলে কোনওভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে গভীর জলে না নামার জন্য।
All Flowers #South24Parganas