বেহালায় প্লাস্টিক সামগ্রীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
বেহালা ডায়মন্ড হারবার রোডের পাশে নফর চন্দ্র দাস রোডের একটি বিল্ডিংয়ে প্লাস্টিক সামগ্রীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় আচমকাই ওই গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পরে দমকল কে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিকের খেলনা ও কার্টন মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে গোডাউনে মজুত থাকা প্লাস্টিক সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।