অভিযোগ আদিবাসী পরিবারকে নিগ্রহ, থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার, প্রতিবাদে বাঁকুড়া -খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের ।
সাধন মন্ডল বাঁকুড়া:--হীরবাঁধ
ব্লকের মলিয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসী এক পরিবারকে নিগ্রহের ঘটনার অভিযোগ নিতে পুলিশের টালবাহানা ও অভিযোগকারী পরিবারকে হেনস্থার ঘটনায় আদিবাসীদের বিক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়ার হাতিরামপুর এলাকায়। প্রতিবাদে হাতিরামপুর মোড়ে বাঁকুড়া- খাতড়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখে আদিবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার আদিবাসী একটি পরিবারকে দীর্ঘদিন ধরেই নির্যাতন করে আসছিল প্রতিবেশীরা। নির্যাতন চরমে ওঠে মঙ্গলবার। অভিযোগ প্রতিবেশীরা ওই আদিবাসী পরিবারের উপর চড়াও হয়ে ব্যপক মারধোর করে। ঘটনার পরই ওই আদিবাসী পরিবার হাজির হয় স্থানীয় হীড়বাঁধ থানায়। অভিযোগ হীড়বাঁধ থানা লিখিত অভিযোগ নিতে বিকেল ৫ টা থেকে ওই পরিবারকে রাত ১১ টা পর্যন্ত থানার সামনে বসিয়ে রাখে। পরে অভিযোগ নেওয়া হয়। এরই মাঝে স্থানীয় এক বিজেপি নেতা পরিবারটিকে হুমকি ও অভিযোগ না নেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই আজ আদিবাসীদের একাংশ পুলিশের এই টালবাহানার কারন জানতে হীড়বাঁধ থানায় হাজির হন। অভিযোগ সেই সময় হীড়বাঁধ থানার পুলিশ আদিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত আদিবাসীরা হাতিরামপুরে জমায়েত করে বাঁকুড়া -খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে। বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত চলা এই অবরোধের জেরে গুরুত্বপূর্ণ ওই রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বিপাকে পড়েন নিত্যযাত্রীসহ সাধারণ মানুষজন। পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বে হস্তক্ষেপে আলাপ আলোচনা শেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ অবরোধ উঠে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন সাধারণ মানুষ।