মৎস্যজীবীদের জীবনসংগ্রাম থিমে শ্যামা পুজোয় নজর কাড়ল নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব
অমিত মণ্ডল, নামখানা:
দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জের মনসাতলা এলাকায় শ্যামা পুজোয় এবার সৃজনশীলতার অনন্য নিদর্শন রাখল নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব। তেরো বছরে পদার্পণ করে এই পুজো কমিটি তাদের মণ্ডপসজ্জায় তুলে ধরেছে সুন্দরবনের মৎস্যজীবী জীবনের বাস্তবচিত্র ‘পদ্মা নদীর মাঝি’। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জীবনযুদ্ধ এবং তাঁদের রুটিরুজির লড়াইকে থিমের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নামখানার ফ্রেজারগঞ্জের মনসাতলা এলাকার নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব এ বছর ১৩ বছরে পড়ল। আর এই বছরটিকে স্মরণীয় করে রাখতে তাদের শ্যামা পুজোর মূল থিম করা হয়েছে ‘পদ্মা নদীর মাঝি’।
মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে নৌকা নিয়ে গভীর সমুদ্রে যাওয়া, খাড়ি এলাকায় জাল ফেলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের জীবন্ত দৃশ্যপট। কীভাবে তাঁরা নদী ও সমুদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন, তা অত্যন্ত সুন্দরভাবে শিল্পরূপ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্লাবের সদস্য সুকান্ত মণ্ডল বলেন, "আমরা চাই মাছ ধরার মাধ্যমে এই এলাকার মানুষ ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা আরও উন্নত হোক। পাশাপাশি, রাজ্য সরকার এই এলাকার পরিশ্রমী মৎস্যজীবীদের সার্বিক উন্নতির জন্য যাতে সবরকম সাহায্য ও সুব্যবস্থা করে, আমরা ক্লাবের পক্ষ থেকে সেই দিকেই সকলের দৃষ্টি আকর্ষণ করছি।"
উপকূল এলাকার মানুষের নিত্যদিনের সুখ-দুঃখ এবং জীবনসংগ্রামকে শ্যামা পুজোর মণ্ডপে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদেরও মন কেড়ে নিয়েছে।
Namkhana, South Twenty Four Parganas | Nov 10, 2026