আলিপুরদুয়ার
মাদারিহাটে উদ্ধার সুবিশালাকার রক পাইথন, চাঞ্চল্য এলাকায়
জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটে মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির অজগর উদ্ধারের ঘটনা ঘটে। তবে এবার উদ্ধার হলো প্রায় ১৬ ফুট লম্বা এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন। শুক্রবার আলিপুরদুয়ার জেলার মধ্য মাদারিহাট এলাকায় এই বিশাল অজগর উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মধ্য মাদারিহাট এলাকায় আচমকাই বিশালাকার সাপটিকে দেখতে পান কয়েকজন বাসিন্দা। লোকালয়ের মধ্যে এত বড় অজগর দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা।
বিশাল আকারের অজগরটিকে উদ্ধার করতে গিয়ে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে সাপটিকে নিরাপদে বাগে আনা সম্ভব হয়। স্থানীয়দের দাবি, অজগরটির আকার এতটাই বিশাল যে তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ইন্ডিয়ান রক পাইথনটি সুস্থ রয়েছে। প্রাথমিকভাবে সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে অজগরটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জলদাপাড়া সংলগ্ন এলাকায় এমন বিশালাকার রক পাইথনের উপস্থিতি নতুন করে নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও বনপ্রেমীদের।