নরেন্দ্র মোদির অবিকল চেহারা! কান্দিতে কালীপুজো দেখতে এসে হাজারদুয়ারিতে চমক কর্নাটকের সদানন্দের
প্রবাহ সংবাদ, শংকর ঘোষ, লালবাগ:-
অবিকল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো চেহারা ও সাজপোশাক। মুর্শিদাবাদের কান্দিতে কালীপুজো উপলক্ষে এসে এবার হাজারদুয়ারি প্রাঙ্গণে পর্যটকদের চমকে দিলেন কর্নাটকের সদানন্দ নায়েক।
কান্দির মধুসূদন দত্তের বাড়িতে কালীপুজো উপলক্ষে এসেছেন সদানন্দ নায়েক। জানা যায়, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল এবং দু’জনের মধ্যে হাই-হ্যালো বিনিময়ও হয়। এরপর থেকেই প্রধানমন্ত্রীর আদলে তাঁর এই বিশেষ বেশভূষা বজায় রেখেছেন সদানন্দ।
চারধাম যাত্রা শেষে হরিদ্বারে ২৮ দিন থাকার পর কান্দি থেকে মধুসূদনবাবু তাঁকে গাড়িতে করে ঐতিহাসিক হাজারদুয়ারি দেখতে পাঠান। হাজারদুয়ারি প্রাঙ্গণে গাড়ি থেকে নামতেই তাঁকে দেখে অনেক পর্যটক প্রথমে হতভম্ব হয়ে পড়েন। পরে কাছে এসে ভুল ভাঙে—তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, তাঁরই অবিকল চেহারার অধিকারী কর্নাটকের সদানন্দ নায়েক!
সদানন্দ নায়েক জানান, হাজারদুয়ারি ঘোরার পর তাঁর পরবর্তী গন্তব্য নবদ্বীপ। তাঁর এই অভিনব সাজ ও চেহারা ঘিরে পর্যটকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল।
আসুন, সদানন্দ নায়েকের মুখ থেকেই শুনে নেওয়া যাক তাঁর এই বিশেষ বেশভূষার গল্প।