"বোর্ড আছে, রাস্তা নেই | পথশ্রীতে শিলান্যাস, কাজ হয়নি | সল্যাপাড়ায় ধান পুঁতে বিক্ষোভ"
বোর্ড বসলো, ফিতে কাটা হলো, নারকেল ফাটিয়ে শিলান্যাসও হলো। তারপর? রাস্তা আর হলো না। কাদায় ধান পুঁতে বিক্ষোভ দেখালেন নবগ্রামের সল্যাপাড়ার মানুষ।
মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের সল্যাপাড়া। এই রাস্তাটি মুর্শিদাবাদ থেকে বীরভূমে কম সময়ে যাতায়াতের জন্য পথশ্রী প্রকল্পে নেওয়া হয়েছিল।
রাস্তার নাম ছিল, আজফর শেখের বাড়ি থেকে বিবির পুকুর পর্যন্ত ঢালাই রাস্তা। দৈর্ঘ্য প্রায় ৭৫০ মিটার। ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৪ লক্ষ ৮২ হাজার টাকা। জেলা পরিষদ ছিল নির্মাণ সংস্থা, রূপায়ণে নবগ্রাম পঞ্চায়েত সমিতি।
স্থানীয়দের অভিযোগ, ৯ই ডিসেম্বর ২০২৫ এ ঘটা করে শিলান্যাস হয়। JCB দিয়ে মাটি কাটা হয়, রুলারও চলে। তারপরই সব বন্ধ। রাস্তায় এখনও কাদা, জল জমে আছে। কোথাও সিপিএম আমলের মোরাম মাটিতে মিশে গেছে।
এই রাস্তা দিয়ে বীরভূম থেকে ছাত্রছাত্রীরা পাঁচগ্রামের দুটি হাই স্কুলে যাতায়াত করে। কাদা মাড়িয়ে স্কুল যেতে হয়। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। সল্যাপাড়ায় গোরস্থান রয়েছে, মৃতদেহ কবর দিতে নিয়ে যেতেও সমস্যা হয়।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কাজ শুরুর কিছুদিনের মধ্যেই রাতের অন্ধকারে প্রকল্পের বোর্ডটিও খুলে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকার মানুষের দাবি, হয় রাস্তা তৈরি করে দেওয়া হোক, না হলে এই রাস্তায় ধান লাগানোর নির্দেশ দেওয়া হোক।