বাগুইআটিতে বলরাম রাজবংশী মৃত্যু মামলায় গ্রেপ্তার দাদা
বাগুইআটি, রঘুনাথপুরে বলরাম রাজবংশী মৃত্যুর ঘটনায় তাঁর দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন কৃষ্ণ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক কারণ। দীর্ঘদিন ধরে বলরামের চিকিৎসার পিছনে পরিবারের বিপুল টাকা খরচ হচ্ছিল। পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
রবিবার বাগুইআটির রঘুনাথপুরে বাড়ি থেকে বলরাম রাজবংশীর দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রথমে ঘটনাটি লুটপাটের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হলেও তদন্তে পরিবারের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ধৃত কৃষ্ণ রাজবংশীকে আজ বারাসাত আদালতে তোলা হবে।