*কালীপুজো ও দীপাবলির আগে বাজি তৈরির কাজ শেষ পর্যায়ে, নতুন বাজির চাহিদায় খুশি ব্যবসায়ীরা*
সামনেই কালীপুজো ও দীপাবলি। উৎসবকে ঘিরে এখন জোরকদমে চলছে বিভিন্ন ধরনের বাজি তৈরির কাজ। বাজি বাজারে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফুলঝুরি, তারাবাতি, চরকি, বসন্তপুরী-সহ নানা ধরনের বাজি তৈরিতে ব্যস্ত কারিগররা। পাশাপাশি বাজারে এসেছে বেশ কিছু নতুন ধরনের বাজি, যা ঘিরে ক্রেতাদের মধ্যে বাড়ছে আগ্রহ।
সরকার পরিবর্তনের পর বাজি তৈরি ও বিক্রির ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন এসেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। শব্দের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে বাজি তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে ফানুস বিক্রি বন্ধ রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের।
এদিকে, এবারের বাজি বাজারে নতুন আকর্ষণ পদ্মফুল বাজি, গদা বাজি ও রাবণ বাজি। এই নতুন ধরনের বাজিগুলির চাহিদা বেশ ভালো বলে জানাচ্ছেন বিক্রেতারা। পুরনো বাজির পাশাপাশি নতুন বাজি ঘিরেও ক্রেতাদের উৎসাহ চোখে পড়ছে।
সব মিলিয়ে কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে বাজি বাজারে উৎসবের আমেজ। বিক্রির পরিস্থিতি নিয়ে যথেষ্ট আশাবাদী ব্যবসায়ীরা। নতুন ও পুরনো বাজির চাহিদা বজায় থাকায় এবারের উৎসবের মরশুমে ভালো ব্যবসার মুখ দেখার আশায় রয়েছেন তাঁরা।