কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা মিনতি-র পুজোর উপহার পেল সুন্দরবনের শিশুরা
গোসাবা, দক্ষিণ ২৪ পরগণা: শহরের আলোর ঝলকানি থেকে অনেক দূরে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গোসাবার বিরাজ নগর। সেখানেই পুজোর আগেই এক অন্যরকম আনন্দে মাতল ছোট ছাত্র-ছাত্রীরা। কলকাতার পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা 'মিনতি' এদিন বিরাজ নগরের সাধারণ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিল শিক্ষা সামগ্রী ও নতুন পোশাক।
সংস্থার সদস্যরা জানান, শুধু পুজোয় নতুন জামা দেওয়াই নয়, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই তাঁদের মূল লক্ষ্য। এদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে বই, খাতা, পেন, পেন্সিল বক্স এবং বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।
পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক শিশুর জন্য ছিল নতুন পোশাকের উপহার। নতুন জামা হাতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত খুদেরা।
স্থানীয় শিক্ষকরা বলেন, "সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারই আর্থিকভাবে পিছিয়ে। এই সময়ে দাঁড়িয়ে 'মিনতি'র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বাচ্চারা নতুন বই-খাতা পেয়ে যেমন খুশি, তেমনি পুজোর নতুন জামা পেয়ে তাদের মুখের হাসিটাই আলাদা।"
'মিনতি' সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও তারা সুন্দরবনের শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যেতে চান। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।