বেহালার যুবক টিটাগড়ে ভোরের ভয়াবহ দুর্ঘটনার কবলে : ম্যাটাডোরে ধাক্কা মেরে মৃত্যু বাইক আরোহী যুবকের, আশঙ্কাজনক মহিলা সঙ্গী
টিটাগড়: রবিবার ভোরে টিটাগড়ের টাটা গেট সংলগ্ন বি.টি. রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গে থাকা মহিলা সঙ্গী। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে কলকাতার দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি বাইক। টাটা গেটের কাছে এসে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ম্যাটাডোরে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে। রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী যুবক ও তাঁর মহিলা সঙ্গীও।
ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে ব্যারাকপুর বি.এন. বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের নাম রাজু হালদার (২৫)। তিনি কলকাতার বেহালার পশুপতি ভট্টাচার্য রোডের চড়কতলা আনন্দপল্লীর বাসিন্দা।
অন্যদিকে, গুরুতর জখম মহিলাকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মৃত রাজু হালদার বেহালার আপনজন স্বেচ্ছাসেবী সংস্থার একজন সক্রিয় সদস্য ছিলেন। এলাকার নানা সমাজসেবামূলক কাজে তিনি সবসময় সামনের সারিতে থাকতেন। তাঁর অকাল মৃত্যুর খবরে পশুপতি ভট্টাচার্য রোডের চড়কতলায় আনন্দ পল্লী অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। সংস্থার সদস্য থেকে শুরু করে এলাকাবাসী, সকলেই শোকে ভেঙে পড়েছেন।
দুর্ঘটনার পর ঘাতক ম্যাটাডোরটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ভোরের দিকে বি.টি. রোডে গাড়ির গতি বেড়ে যায়। তার জেরেই বারবার ঘটছে দুর্ঘটনা। পুলিশের পক্ষ থেকে গতি নিয়ন্ত্রণে আরও কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
#Behala #kolkata #WestBengal #Titagarh
Kolkata, Kolkata | Nov 23, 2026