জিরিবামে তিনটি সন্দেহভাজন আইইডি উদ্ধার, সেনাবাহিনীর তৎপরতায় বড় বিপদ এড়ানো
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিরিবামের আহমদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তিনটি সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি শনাক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্পিয়ার কোরের অধীনে রেড শিল্ড ডিভিশনের জওয়ানরা সন্দেহজনক বস্তুগুলি দেখতে পাওয়ার পর দ্রুত ওই এলাকা ঘিরে ফেলেন। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
এরপর প্রশিক্ষিত এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ-এর সাহায্যে পরীক্ষা চালিয়ে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে তিনটি আইইডি নিরাপদে ধ্বংস করে।
সেনাবাহিনীর দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের নিরাপদ চলাচলও দ্রুত স্বাভাবিক করা হয়।
মণিপুরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী লাগাতার কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে