আন্দুল-মৌড়ীর আমতলায় বহুতল ফ্ল্যাটে ভয়াবহ আগুন হাওড়ার আন্দুল-মৌড়ীর আমতলা এলাকায় বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে আচমকাই আবাসনের চারতলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।
আগুন লাগার সময় বেশ কয়েকজন বাসিন্দা ফ্ল্যাটের ভিতরে আটকে পড়েন বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ শুরু করে। পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালানো হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। আগুন লাগার সঠিক কারণও এখনও জানা যায়নি।
দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উদ্ধারকাজ সম্পূর্ণ হওয়ার পরই অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ স্পষ্ট হবে।