আবারও লালবাগে হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার মালিক ও ম্যানেজার
মুর্শিদাবাদের ঐতিহাসিক লালবাগ শহরে ফের হোটেলে পুলিশের অভিযান। মতিঝিল এলাকার হোটেল গ্রিন হাউসে পুলিশের অভিযানে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, হোটেলে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হোটেল থেকে ৪টি কন্ডোম, ৪ প্যাকেট কন্ডোম, ২টি খালি মদের বোতল এবং হোটেলের রেজিস্টার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ থানার আইসি অনিরুদ্ধ বাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিলেন লেডি এসআই কোয়েল দত্ত, এসআই জালালউদ্দিন আহমেদ, এসআই চিন্তামণি নস্কর-সহ পুলিশের একটি দল।
পুলিশের দাবি, লালবাগ শহরের বিভিন্ন হোটেলকে ঘিরে বেশ কিছুদিন ধরেই অনৈতিক কার্যকলাপের অভিযোগ সামনে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।
ঐতিহাসিক লালবাগ শহরের পরিবেশ ও ভাবমূর্তি নষ্ট করে এমন কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না—পুলিশের এই অভিযানে সেই বার্তাই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।
তবে হোটেলটিতে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং দীর্ঘদিন ধরে এমন কোনও কার্যকলাপ চলছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী ও হোটেলের রেজিস্টারও তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে জানা গিয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর।