দুই যুগলের বচসা থামাতে গিয়ে বাঘাযতীনে মাঝরাতে বিজেপি নেতাদের উপর হামলা, ইট ছোড়ার অভিযোগ - রাজনৈতিক চাপানউতোর
EBC NEWS ডেস্ক, কলকাতা: খাস কলকাতার বাঘাযতীনে গভীর রাতে দুই বিজেপি নেতা আক্রান্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আড়াইটে নাগাদ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাতে রাস্তায় ছিলেন যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহা। সেই সময় এক যুগলকে রাস্তায় বচসা করতে দেখে তিনি সরে যেতে বলেন। অভিযোগ, তখনই ওই যুগলের সঙ্গে থাকা কয়েকজন যুবক তাঁর উপর চড়াও হয় এবং আধলা ইট দিয়ে হামলা চালায়। ইটের আঘাতে মুখ ফেটে গুরুতর আহত হন সৌম্যদীপ।
খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির আরও কর্মীরা পৌঁছলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। সেই সময় যুব মোর্চার সাধারণ সম্পাদকও আক্রান্ত হন। তাঁর মাথা ও চোখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পরে দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিল এবং এর পিছনে রাজনৈতিক যোগ রয়েছে। এলাকায় নেশার আসর ও সমাজবিরোধীদের দাপট নিয়েও অভিযোগ তুলেছে বিজেপি।
যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, জোর করে দলের নাম জড়ানো হচ্ছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। হামলার নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি স্থানীয় বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ।