*কালীপুজোর রাতে গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান সহ একটি বাড়ি।*
কালীপুজোর রাতেই গঙ্গাসাগরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল পরপর দুটি দোকান এবং একটি বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত প্রায় ৩টা ৪৫ মিনিট নাগাদ গঙ্গাসাগরের কালীগিরি মন্দির ও সুরেন্দ্র একাডেমি স্কুলের কাছে আচমকাই আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় দুটি দোকান সহ একটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি ও দোকানগুলি।
কালীপুজোর মতো বিশেষ একটি দিনে ভোররাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কীভাবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।