জিনজিরা বাজারে পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান
তারাতলা থানার অন্তর্গত জিনজিরা বাজার সংলগ্ন এলাকায় পোর্ট ট্রাস্টের জমি দখল করে দীর্ঘদিন ধরে চলছিল একাধিক দোকান। অভিযোগ, পোর্ট ট্রাস্টের জমির উপর বেআইনিভাবে গড়ে ওঠা সেই দোকানগুলি দীর্ঘ বছর ধরে ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছিল।
আজ তারাতলা থানার পুলিশের উপস্থিতিতে ওই জমি দখলমুক্ত করার কাজ শুরু হয়। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকা দোকানগুলি ভেঙে সরিয়ে দেওয়ার কাজ চলছে পুলিশের উপস্থিতিতে।
তবে দোকানদারদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই জায়গায় ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় তাঁদের জীবিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করার প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।