গাছকে ভাই বানিয়ে রাখি বন্ধন, কুচবিহারে পরিবেশ রক্ষার অনন্য বার্তা পিংকি রায়ের
কোচবিহার: ভাই-বোনের পবিত্র বন্ধন রাখি বন্ধন উৎসবকে পরিবেশ রক্ষার বার্তার সঙ্গে জুড়ে দিলেন কোচবিহারের পরিবেশপ্রেমী পিংকি রায়। প্রতিবছরের মতো এ বছরও রাজ আমলের ঐতিহ্যবাহী তল্লী গাছকে ভাই বানিয়ে গাছ বন্ধন উৎসব পালন করলেন তিনি।
বোন যেমন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করে, ঠিক তেমনই কোচবিহারের বোনেরা দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রাচীন তল্লী গাছে রাখি পরিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করে আসছেন। এদিন তল্লী গাছটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।
শুধু তল্লী গাছই নয়, আশপাশের সমস্ত গাছেও নিজের হাতে এবং ছোট ছোট বোনেদের সঙ্গে নিয়ে রাখি পরান পিংকি রায়। এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পিংকি রায়ের হাতে তৈরি রাখি। "মোবাইল ছাড়ো, বই পড়ো" বার্তা লেখা রাখি পরিয়ে দেন ছোট ছোট শিশুদের হাতে।
গাছ বন্ধন উৎসব উপলক্ষে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে একটি করে চারা গাছও তুলে দেওয়া হয়, যাতে তারাও পরিবেশ রক্ষায় এগিয়ে আসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার এবং আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যরা। আস্থা ফাউন্ডেশনের সদস্যরা এই উদ্যোগে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বোনেরা, দিদিরা সকলে মিলে রাখি দিয়ে এই মহতী উদ্যোগে সামিল হন।