
অনলাইনে 'খাদ্য' হিসেবে বিষাক্ত ধুতুরা ফল ও বীজ বিক্রি করার অভিযোগে কর্ণাটক খাদ্য নিরাপত্তা দপ্তর তিনটি অত্যন্ত জনপ্রিয় ই-কমার্স এবং কুইক-কমার্স ডেলিভারি অ্যাপের লাইসেন্স সাসপেন্ড করেছে।
কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (KFSDA) যে তিনটি নামী সংস্থার ফুড লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে, সেগুলি হলো Amazon,Swiggy Instamart ও বিগবাস্কেট।
এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ধুতুরার ফল ও বীজ মানুষের খাওয়ার উপযুক্ত 'খাদ্য সামগ্রী' (Food Product) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এমনকি কিছু প্যাকেটের গায়ে বেআইনিভাবে FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া) লাইসেন্স নম্বরও ব্যবহার করা হয়েছিল। বিষয়টি খাদ্য নিরাপত্তা দপ্তরের নজরে আসে। তদন্তের পর দেখা যায়, বিষাক্ত এই ফলটি বিভিন্ন গুদামে মজুত করে চড়া দামে অনলাইনে বিক্রি করা হচ্ছিল। এর পরেই জনস্বাস্থ্যের ঝুঁকির কথা মাথায় রেখে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং সমস্ত লিস্টিং অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কর্ণাটকের খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত একাধিক সংস্থা কোনও জবাবদিহি করেনি। আবার একটা সংস্থা অনলাইনে ধুতুরা ফলের বিক্রি বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই যে জবাবদিহি খাদ্য দপ্তরকে দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হননি আধিকারিকরা।
KFSDA-র কমিশনার শ্রীনিবাস কে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, অবিলম্বে ধুতরা ফলের যাবতীয় বিজ্ঞাপন, লিস্টিং সরাতে হবে ওই তিন সংস্থাকে। ধুতরা ফলকে কোনও ভাবেই খাদ্যপণ্য হিসেবে বিক্রি করা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান আইন এবং ২০১১ সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান বিধি অনুযায়ী, ধুতরা ফল ও বীজ মজুত রাখা, বিক্রি করা, খাদ্যপণ্য হিসেবে বিতরণ করা নিষিদ্ধ।