পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৭ আগস্ট নিউটাউনে ৭ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে তৈরি L&T Mindtree-র বিশাল অফিসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের IT পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করা বহু তরুণ-তরুণী কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে কিংবা দেশের অন্যান্য IT হাবে পাড়ি দেন। এবার সেই ছবিতে বদল আনার লক্ষ্যেই কলকাতাকে আরও বড় IT গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিউটাউনে এই বিশাল IT অফিস চালু হলে রাজ্যের স্থানীয় IT পেশাদারদের পাশাপাশি নতুন প্রজন্মের চাকরিপ্রার্থীদের জন্যও বড় সুযোগ তৈরি হবে।