
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ২০২৬ সালের রাখিবন্ধন উৎসব উপলক্ষে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি বিলি করার মেগা আয়োজন করা হয়েছে। এই উৎসবের সফল উদযাপনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা (প্রায় ৯ কোটি টাকা) বরাদ্দ করেছে।
এরমধ্যে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে জন্য সব থেকে বেশি মোট ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। রাখিবন্ধন উৎসব পালনের জন্য ২২টি জেলা সদর দপ্তর পাবে ২২ লক্ষ। জিটিএ ও কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা করে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা। ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার। ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে ৩৪৫টি ব্লকে পালিত হবে রাখিবন্ধন উৎসব।
এবারের উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবোধের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুক্রবার সকাল ১০ টায় কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সর্বস্তরে ধুমধাম করে এই সম্প্রীতির উৎসব পালন করা হবে।