
আসানসোলের পুনরুজ্জীবনের দাবি, বাজার ও শিল্প উন্নয়নে একাধিক প্রস্তাব বণিকসভার সচিবের
কাজল মিত্র | বাংলা বার্তা
আসানসোল শহরের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে একাধিক প্রস্তাব তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, আসানসোলের বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানালেন আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝাঁ। তাঁর আবেদনের কপি ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছেও পাঠানো হয়েছে।
শম্ভুনাথ ঝাঁর বক্তব্য, আসানসোলে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বড় প্রকল্পের প্রয়োজন রয়েছে। তবে তার পাশাপাশি, এমনকি তার থেকেও বেশি জরুরি হয়ে পড়েছে শহরের বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল, আধুনিক ও ব্যবসাবান্ধব করে তোলা।
তাঁর অভিযোগ, আসানসোলের বাজারের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সাধারণ মানুষের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নেই, নেই পর্যাপ্ত ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থা। যানজট এবং অবৈধ দখলের কারণে ক্রেতা ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসায়ীদের উপরও। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ধীরে ধীরে ব্যবসা আসানসোলের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
এই পরিস্থিতিতে বাজার এলাকায় উন্নত পার্কিং ব্যবস্থা, পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা, অবৈধ দখলের বাস্তবসম্মত সমাধান, যান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারের সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন তিনি।
শুধু বাজার নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জমি ও সম্পদও কাজে লাগানোর দাবি তুলেছেন শম্ভুনাথ ঝাঁ। তাঁর প্রস্তাব, গ্লাস ফ্যাক্টরি, সেনরেলে কারখানা, ব্লু ফ্যাক্টরি এবং ইন্ডিয়ান অক্সিজেনের মতো দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানের জমি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হোক।
তাঁর মতে, আসানসোলের অর্থনৈতিক শক্তি মূলত শিল্প ও বাজার—এই দুই ক্ষেত্রের উপর নির্ভরশীল। নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। আর তার ইতিবাচক প্রভাব পড়বে শহরের বাজার ও ব্যবসায়িক ক্ষেত্রেও।
শম্ভুনাথ ঝাঁ বলেন, “শুধু প্রতিশ্রুতি দিলেই উন্নয়ন হবে না। যে সমস্যার সমাধান আজ সবচেয়ে জরুরি, প্রথমে সেই সমস্যার উপরেই কাজ করতে হবে।”
তাঁর বক্তব্য, ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বড় প্রকল্প ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে। কিন্তু তার আগে শহরের বাজার, ব্যবসা এবং সামগ্রিক পরিবেশকে সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা জরুরি। তা না হলে বড় প্রকল্প বাস্তবায়িত হলেও তার সুফল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কতটা পাবেন, সেই প্রশ্ন থেকেই যাবে।
আবেদনে তিনি আসানসোলের বাজার, ব্যবসা ও শিল্পকে অগ্রাধিকার দিয়ে শহরের পুনরুজ্জীবনের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তাঁর লক্ষ্য, এমন একটি আসানসোল গড়ে তোলা যেখানে মানুষ স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন, ব্যবসায়ীরা নিরাপদ ও উন্নত পরিবেশে ব্যবসা করতে পারবেন, নতুন শিল্প ও বিনিয়োগ আসবে এবং যুবসমাজের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
শম্ভুনাথ ঝাঁর মতে, আসানসোলকে শুধু উন্নত করাই নয়, শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করাও এখন সময়ের দাবি।