
নামী রেস্তোরাঁ, শিকেয় বিধি! সিল হয়ে গেল গড়িয়ার 'কস্তুরী'
লাইসেন্স বাতিল হওয়ার পরও দিব্যি চলছিল ব্যবসা। বসে খাওয়া থেকে শুরু করে হোম ডেলিভারি — সবই চলছিল রমরমিয়ে। শেষমেশ বুধবার সন্ধ্যায় বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। সিল করে দেওয়া হলো গড়িয়া স্টেশন রোডের নামী রেস্তোরাঁ 'কস্তুরী'।
জেলা স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা আধিকারিক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং স্থানীয় থানার পুলিশ — তিন পক্ষের যৌথ অভিযানে এই পদক্ষেপ করা হয়।
কী হয়েছিল?
দুর্গাপুজোর আগে শহরজুড়ে খাবারের দোকানে অভিযানে নেমেছিলেন ফুড ইন্সপেক্টররা। গত সেপ্টেম্বরে গড়িয়া এলাকায় খাদ্য-বিধি না মানায় ৯টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়। কড়া সতর্কবার্তাও দেওয়া হয়।
সেই অভিযানে গিয়ে আধিকারিকরা দেখেন, কোথাও পচা মাংস রাখা, কোথাও মেয়াদ উত্তীর্ণ খাবার, আবার কোথাও চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। সেই তালিকায় ছিল গড়িয়ার কস্তুরী রেস্তোরাঁ, গড়িয়ার নুডল উডল এবং কামালগাজির নিউ মিষ্টিমুখ। তিনটি প্রতিষ্ঠানেরই ফুড লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ১০টি দোকান সিল করা হয়। সোনারপুর মোড়ে বাবুর্চি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নরেন্দ্রপুরের রসোই-এ-হিন্দ রেস্টুরেন্টও সিল করা হয় সেই সময়।
তবুও চলছিল ব্যবসা!
অভিযোগ, সতর্ক করার পরও কানে তোলেনি কস্তুরী কর্তৃপক্ষ। লাইসেন্স সাসপেন্ড থাকা অবস্থাতেই রেস্তোরাঁ খোলা রেখে চলছিল ব্যবসা। খবর পেয়ে ফের হানা দেন ফুড ইন্সপেক্টররা।
আধিকারিকদের দাবি, এবারের অভিযানেও রেস্তোরাঁয় ছত্রাক ধরা খাবার মিলেছে। এরপরই আর কোনো ঝুঁকি না নিয়ে বুধবার সন্ধ্যায় রেস্তোরাঁটি সিল করে দেওয়া হয়।
ক্রেতাদের প্রশ্ন:
নামী রেস্তোরাঁয় যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় ভরসা করবেন? খাবারের মান নিয়ে এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, খাদ্য সুরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।
#kolkata #WestBengal #Garcia #food