
ভুল বোঝানো এবং বিভ্রান্তিকর স্বাস্থ্য গুণাগুণের দাবি করার অভিযোগে ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI-এর কড়া নোটিশের মুখে পড়ে পিছু হঠল বেশ কিছু বড় বড় নামী ব্র্যান্ড। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, বর্নভিটা ও ওরিও প্রস্তুতকারী সংস্থা মন্ডেলিজ ইন্ডিয়া (Mondelez India) এবং অ্যামওয়ে ইন্ডিয়া (Amway India) তাদের পণ্যের বিতর্কিত দাবি ও বিজ্ঞাপনগুলি বাজার থেকে তুলে নিয়েছে বা সংশোধন করেছে।
বর্নভিটা ও ক্যাডবেরি (Mondelez India) প্যাকেজিং এবং বিজ্ঞাপনে পুষ্টিগুণ সংক্রান্ত এমন কিছু তুলনামূলক ও বিভ্রান্তিকর দাবি করা হচ্ছিল, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। FSSAI-এর নোটিশের পর তারা ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সমস্ত বিজ্ঞাপন থেকে সেইসব বিভ্রান্তিকর দাবি ও প্রচার পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে।
অ্যামওয়ে ইন্ডিয়া (Amway India): এই সংস্থাটি তাদের নারকেল তেলের বিজ্ঞাপনে '১০০% খাঁটি নারকেল তেল' (100% Pure Coconut Oil) শব্দবন্ধটি ব্যবহার করছিল। FSSAI-এর গাইডলাইন অনুযায়ী, বিজ্ঞাপনে '১০০%' শব্দ ব্যবহার করে শ্রেষ্ঠত্ব বা সম্পূর্ণ বিশুদ্ধতার দাবি করা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। নোটিশ পেয়ে অ্যামওয়ে স্বেচ্ছায় তাদের পণ্যের লেবেল ও প্রচার থেকে এই '১০০%' লেখাটি বাদ দিয়েছে। এছাড়া তাদের 'XS' ব্র্যান্ডের ক্যাফেইনযুক্ত পানীয় থেকে 'এনার্জি ড্রিঙ্ক' (Energy Drink) তকমাটিও তারা সরিয়ে নিয়েছে।
প্রোটিন সাপ্লিমেন্ট প্রস্তুতকারী সংস্থা 'স্যাপিয়েন্স ল্যাবস' (Sapiens Labs) এবং একটি বেবিফুড প্রস্তুতকারী সংস্থাও তাদের পণ্যের গুণাগুণ নিয়ে করা একাধিক বিভ্রান্তিকর দাবি ও বিজ্ঞাপন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা পরিষ্কার করে দিয়েছে যে, কোনো ব্র্যান্ডই তাদের পণ্যের গুণাগুণ নিয়ে অতিরঞ্জিত বা কাল্পনিক দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করতে পারবে না। পণ্যের লেবেলে যা লেখা থাকবে, তার সপক্ষে উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ থাকতে হবে।তবে FSSAI এটিও স্পষ্ট করেছে যে, বর্নভিটা বা এই পণ্যগুলিকে নিষিদ্ধ (Ban) করা হয়নি। শুধুমাত্র গ্রাহকদের ভুল বোঝানো আটকাতে কোম্পানিগুলিকে তাদের বিভ্রান্তিকর লেবেল ও বিপণন পদ্ধতি সংশোধন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোম্পানিগুলি সেই অনুযায়ী তাদের ভুল সংশোধন করতে বাধ্য হয়েছে।