
*১৯ নম্বর জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ছিনতাই, চাঞ্চল্য রানিগঞ্জে*
*কাজল মিত্র, বাংলা বার্তা |
রাতের অন্ধকারে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবকের মোটরবাইক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায়। আতঙ্কিত দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা সঞ্জীব নায়েক। ঘটনার পর রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
জানা গেছে, গত ২১ আগস্ট কর্মসূত্রে পুরুলিয়ায় গিয়েছিলেন সঞ্জীব নায়েক। দুর্গাপুর থেকে পালসার মোটরবাইক নিয়ে আসানসোলে পৌঁছে সেটি একটি পার্কিং জোনে রেখে ট্রেনে পুরুলিয়া যান। কাজ সেরে আসানসোলে ফিরে বাইক নিয়ে দুর্গাপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
অভিযোগ, রাত প্রায় ৯টা নাগাদ পাঞ্জাবি মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তাঁর পথ আটকায়। তিনজনেরই মুখ কাপড়ে ঢাকা ছিল। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ।
এরপর তাঁর পালসার মোটরবাইকটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে রানিগঞ্জ থানায় পৌঁছে লিখিত অভিযোগ করেন সঞ্জীববাবু।
তিনি বলেন, “ভাবতেই পারছি না, ১৯ নম্বর জাতীয় সড়কের মতো ব্যস্ত রাস্তার উপর এমন ঘটনা ঘটবে।”
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ। ছিনতাই হওয়া বাইকের খোঁজ ও দুষ্কৃতীদের শনাক্ত করতে তল্লাশি চলছে। ব্যস্ত জাতীয় সড়কে এই ঘটনায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।