নামখানায় ২৫ কন্যাকে নিয়ে কুমারী পূজার আয়োজন, নারীশক্তির সম্মান ও পরিবেশ রক্ষার বার্তা
দুর্গোৎসবের আবহে নামখানা ব্লক কন্যা পূজা উদযাপন কমিটির উদ্যোগে প্রায় ২৫ জন কন্যাসন্তানকে নিয়ে আয়োজন করা হল কন্যাপূজা বা কুমারী পূজা। এদিন ছোট ছোট কন্যাসন্তানদের নববধূর সাজে সাজিয়ে দেবী দুর্গার প্রতিমূর্তি হিসেবে পূজার্চনা করেন উদ্যোক্তারা। গোটা আয়োজন ঘিরে তৈরি হয় এক ভক্তিময় পরিবেশ।
পূজা শেষে প্রত্যেক কন্যাসন্তানের হাতে তুলে দেওয়া হয় একটি করে শ্রীমদ্ভগবদ্গীতা ও একটি করে বৃক্ষচারা। শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণের মাধ্যমে নৈতিক শিক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি বৃক্ষচারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন উদ্যোক্তারা।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। নামখানার এই আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরলেন উদ্যোক্তারা