
কাঁচা পাটের অভাব ও উৎপাদন সংক্রান্ত সমস্যার জেরে আজ, শনিবার সকালে উত্তর ২৪ পরগনার নৈহাটি জুটমিল (The Naihati Jute Mills Co. Ltd.)-এর গেটে আচমকা ‘সাসপেনশন অব ওয়ার্কস’ (Suspension of Works)-এর নোটিস ঝুলিয়ে মিলটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে মিলের কয়েক হাজার শ্রমিক ও কর্মী রাতারাতি কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। মিল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং উৎপাদন প্রক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণেই এই সাময়িক লকআউটের সিদ্ধান্ত নিতে হয়েছে।বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, মিলের ভেতরে এখনও বেশ কয়েকদিন উৎপাদন চালু রাখার মতো পর্যাপ্ত কাঁচা পাট মজুত রয়েছে। শুধুমাত্র পাটের অভাবের অজুহাতে এই আকস্মিক বন্ধের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।শ্রমিকদের অভিযোগ, তাঁদের অনেক বকেয়া প্রাপ্য ও অন্যান্য আর্থিক দাবি মেটানো ছাড়াই মিলটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পরিবার চালানো নিয়ে তাঁরা তীব্র উদ্বেগের মধ্যে পড়েছেন। ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর পক্ষ থেকে এর জন্য পূর্বতন শ্রমিক ইউনিয়নের পরিচালনাগত গাফিলতিকেও দায়ী করা হয়েছে।ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই ঐতিহ্যবাহী জুটমিলটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গোটা এলাকা জুড়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং মিল পুনরায় চালুর দাবিতে সরব হয়েছেন শ্রমিকরা।