একশো বছর পার করেও তিনি সমান উজ্জ্বল, একই রকম প্রাণবন্ত। বাঙালি সংস্কৃতি ও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে উত্তম কুমার আজও নিছক এক নাম নন, চিরন্তন আবেগ। সেই মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষেই কলকাতার বুকে আয়োজিত হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী। আগামী ২০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত কলকাতার আইসিসিআর-এর যামিনী রায় গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত দর্শক এই দুর্লভ প্রদর্শনী দেখার সুযোগ পাবেন। ‘উত্তম – দ্য মহানায়ক’ শীর্ষক এই আয়োজনের মূল নিবেদক শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং সহযোগিতায় রয়েছে খুকুমণি। গোটা ইভেন্টটি পরিচালনা করছে থিজম ইভেন্টস।প্রদর্শনীতে এক ছাদের তলায় উঠে আসছে মহানায়কের বিপুল প্রচার সম্ভার। প্রায় আশিটি দুর্লভ পোস্টার থাকছে এই তালিকায়। তার মধ্যে রয়েছে ওড়িয়া হরফে লেখা ‘বন্দী’ ছবির পোস্টার, ‘ছোটি সি মুলাকাত’-এর ভিন্ন ডিজাইনের পোস্টার, ‘যাত্রা হল শুরু’ কিংবা ‘ব্রতচারিণী’র মতো ছবির বিরল কাজ। পাশাপাশি ঠাঁই পাচ্ছে প্রায় একশোটি পুরোনো বুকলেট, গানের রেকর্ড, লবি কার্ড ও স্থিরচিত্র। এমনকী মহানায়কের নিজের গাওয়া গানের রেকর্ড এবং হাতে লেখা প্রতিবেদনও দেখতে পাবেন দর্শকেরা।এই বিশাল সংগ্রহের নেপথ্যে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দ। এবছরই তাঁর সংগ্রহজীবনের বিশ বছর পূর্ণ হল। মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনী সুদীপ্তবাবু ছাত্রাবস্থাতেই পোস্টার সংগ্রহের কাজে আত্মনিয়োগ করেন। পরে হেরম্ব চন্দ্র কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা এবং জনসংযোগের কাজে যুক্ত হন। দীর্ঘ দু’ দশক ধরে তিনি একক প্রচেষ্টায় বহু প্রদর্শনী ও ক্যালেন্ডার প্রকাশ করেছেন।
সংগ্রাহকের মতে, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল অতীতকে ধরে রাখা। ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই তাঁর এই নিরন্তর প্রচেষ্টা।