
বজ্রপাতের জের! বর্ধমান শহরে গৃহস্থের বাড়িতে এল ১ লক্ষ ৪০ হাজার টাকার 'ভুতুড়ে' বিদ্যুতের বিল।
Bengal icon news :কয়েকদিন আগে বাড়ির পাশে হওয়া বজ্রপাতের জেরে মিটারে গন্ডগোল! আর তার ফলেই বর্ধমান শহরের এক গৃহস্থের বাড়িতে এসে পৌঁছাল ১ লক্ষ ৪০ হাজার টাকার আকাশছোঁয়া বিদ্যুতের বিল। এই বিপুল অঙ্কের বিল হাতে পেয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে ওই গ্রাহকের।
ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বিধানপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দা শ্যামল মুখার্জি নামে এক ব্যক্তির দোতলা বাড়ি রয়েছে। তাঁর দাবি, সাধারণত তাঁর বাড়িতে গ্রীষ্মকালে সর্বসাকুল্যে ৮ থেকে ১০ হাজার টাকার মতো বিদ্যুৎ বিল এসেছে। কিন্তু সম্প্রতি বিদ্যুৎ দপ্তর থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার একটি ভুতুড়ে বিল পাঠানো হয়। এত টাকার বিল দেখে কার্যত আকাশ থেকে পড়েন তিনি এবং মাথায় যেন বজ্রাঘাত নামে।
ঘটনার পরই দ্রুত বর্ধমান বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করেন শ্যামলবাবু এবং এ বিষয়ে লিখিত অভিযোগও জানান। অভিযোগ পেয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তাঁর মিটার ও বিল খতিয়ে দেখা হয়। দিন কয়েক আগে ওই বাড়ির কাছাকাছি বজ্রপাত হয়েছিল। আর তারই তীব্র প্রভাবে মিটারের রিডিং একলাফে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বর্তমানে একটি বিকল্প মিটারও লাগিয়ে দেওয়া হয়েছে। গ্রাহক শ্যামল বাবু জানিয়েছেন, যে পরিমাণ বিদ্যুৎ তিনি ব্যবহার করেননি, সেই বিপুল অঙ্কের অতিরিক্ত বিল সংশোধনের আর্জি জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কাছে।
বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই চেক করার জন্য বিকল্প একটি মিটার লাগানো হয়েছে। গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে যদি কোন সমস্যা থাকে সেটা অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।।