*জাতীয় সড়কে লরিতে ভয়াবহ আগুন, ভোররাতে দুর্ঘটনায় পুড়ে ছাই পুরো লরি*
ভোররাতে ১২ নম্বর জাতীয় সড়কে লরিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা গেছে, বুধবার ভোর রাতে মালদার গাজোল থানার আহোড়া এলাকায় লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার গাজলের ময়না এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে এই লরি টি। লরিটিকে ময়না থেকে মালদা শহরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। রিকভারি ভ্যান লরিটি নিয়ে ময়না থেকে রওনা দিয়ে আহোড়া পৌঁছাতেই জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। লরির চাকা ব্লাস্ট করে যায়। সেখান থেকে আগুন লাগে বলে দাবি স্থানীয়দের।এরপর তেলের ট্যাঙ্কে আগুন লেগে যায়। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ১২ নম্বর জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়দের অভিযোগ দমকল দেরিতে পৌঁছনোয় পুড়ে ছাই হয়ে যায় লরিটি।
স্থানীয় বাসিন্দা অশোক মন্ডল বলেন, সকালে প্রাতঃভ্রমণ বেরিয়েছিলাম। সেই সময় দেখতে পাই জাতীয় সড়কের উপর দাউ দাউ করে আগুন জ্বলছে লরিতে। মুহুর্তের মধ্যে প্রচুর মানুষ জমা হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সময় মত এলো দমকল প্রায় দেড় ঘন্টা দেরিতে আসে। তার মধ্যে লরিটি পুড়ে যায়। আমরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম।। জাতীয় সড়ক এক দিক বন্ধ হয়ে গিয়েছিল আগুনের কারণে।
কিভাবে আগুন লাগল জাতীয় সড়কের লরিতে খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।