
কাঁকড়া মির্জানগর স্টেশনের নাম বদলে ‘লোকনাথ ধাম’ করার জোরালো দাবি জেলা বিজেপি নেতৃত্বের
বারাসত–হাসনাবাদ রেল শাখার একটি অতি গুরুত্বপূর্ণ স্টেশন হলো কাঁকড়া মির্জানগর। এবার এই স্টেশনের নাম পরিবর্তন করে বাবা লোকনাথের নামানুসারে ‘লোকনাথ ধাম’ রাখার দাবিতে সোচ্চার হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই স্টেশনের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন জানিয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।
উত্তর ২৪ পরগনার ঐতিহাসিক গ্রাম ধান্যকুড়িয়া এবং পরম সাধক বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে যাতায়াতের ক্ষেত্রে কাঁকড়া মির্জানগর স্টেশনটি একটি প্রধান সংযোগস্থল। ধান্যকুড়িয়ার ঐতিহ্যবাহী জমিদারবাড়ি ও রাজপ্রাসাদ দর্শন করতে এবং কচুয়া ধামে বাবা লোকনাথের আশীর্বাদ নিতে দূরদূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ও পুণ্যার্থী এই অঞ্চলে আসেন। প্রসঙ্গত, ১৯৬২ সালে বারাসত–হাসনাবাদ রেলপথে এই স্টেশনটি চালু হওয়ার সময় স্থানীয় কাঁকড়া ও মির্জানগর এলাকার পরিচিতিকে গুরুত্ব দিয়েই নামকরণ করা হয়েছিল কাঁকড়া মির্জানগর।
তবে জেলা বিজেপি নেতৃত্বের প্রধান যুক্তি, রাজ্যের নানা প্রান্তসহ দেশের দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধাম অভিমুখে যাত্রা করেন। স্টেশনের নাম ‘লোকনাথ ধাম’ করা হলে পুণ্যার্থীদের যাতায়াত অনেক বেশি সহজ ও সুবিধাজনক হবে এবং স্থানটি ভক্তদের কাছে আরও স্পষ্টভাবে পরিচিতি লাভ করবে। এই সমস্ত দিক বিবেচনা করেই কাঁকড়া মির্জানগর স্টেশনের নাম পরিবর্তনের জোরালো দাবি তুলেছে জেলা বিজেপি।
#LoknathDham #KankraMirznagarStation #BarasatHasnabadRailway #BabaLoknath #WestBengalNews #BJPWestBengal #North24Parganas #KachuaDham #TrendingNews #BMGNewsBangla