বামনগাছি স্টেশনে বিশেষ স্বচ্ছতা অভিযান: নোংরা ফেললেই বা থুতু গুটকা খেলেই দিতে হবে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা
বামনগাছি:
গান্ধী জয়ন্তী ও ‘স্বচ্ছ ভারত অভিযান’ উপলক্ষ্যে ভারতীয় রেলের নির্দেশিকা অনুযায়ী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনের পাশাপাশি আজ বামনগাছি স্টেশনেও এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালানো হলো। এদিনের এই গুরুত্বপূর্ণ কার্যসূচিতে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ডিভিশনের হেলথ ইন্সপেক্টর, বামনগাছি স্টেশন ম্যানেজার এবং অন্যান্য রেলকর্মী ও আধিকারিকরা।
রেল সূত্রে জানা গেছে, স্টেশন চত্বর ও ট্রেনগুলিকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে গত ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই বিশেষ প্রচারাভিযান চলছে। এদিনের অভিযানে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও চত্বরে ব্যানার হাতে নিয়ে ঘুরে সাধারণ যাত্রীদের সচেতন করেন রেলকর্মীরা। যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা দিয়ে বোঝানো হয় যে, তাঁরা যেন এদিক-ওদিক যেখানে-সেখানে প্লাস্টিক, এঁটো কাগজ বা জঞ্জাল না ফেলে স্টেশনে নির্দিষ্ট করা ডাস্টবিন বা জঞ্জাল ফেলার পাত্র ব্যবহার করেন। পাশাপাশি, স্টেশন চত্বরে পানের পিক, গুটকা বা তামাকজাত দ্রব্য খেয়ে যত্রতত্র থুতু না ফেলার বিষয়েও তীব্র কড়া বার্তা দেওয়া হয়।
স্টেশনে স্টেশনে লাগাতার মাইকিং প্রচারের মাধ্যমে যাত্রীদের সচেতন করার কাজ চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সচেতনতার প্রচারের পরেও যারা নির্দেশ অমান্য করে স্টেশন চত্বর নোংরা করবেন, যত্রতত্র ময়লা বা পানের পিক ও গুটকার থুতু ফেলবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কড়া জরিমানা ও বিধান:
রেলের নতুন এবং কঠোর নিয়মাবলী অনুযায়ী, ট্রেন বা স্টেশন চত্বরে নোংরা ফেললে বা নিষিদ্ধ স্থানে পানের পিক ও থুতু ফেললে তৎক্ষণাৎ ১,০০০ টাকা পর্যন্ত নগদ জরিমানা ধার্য করা হতে পারে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি বা যাত্রী এই জরিমানা দিতে অস্বীকার করলে তাকে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হতে পারে, যেখানে আদালতের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা কিংবা আইনি প্রক্রিয়া মুখোমুখি হতে হতে পারে।
এদিনের বামনগাছি স্টেশনের এই বিশেষ অভিযান ও রেল প্রশাসনের এই কড়া পদক্ষেপের ফলে সাধারণ যাত্রীদের মধ্যে যথেষ্ট সচেতনতা লক্ষ্য করা গেছে। রেল কর্তৃপক্ষের সাফ কথা—স্টেশন আমাদের সকলের, তাই এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও যাত্রীদের নিজেদেরই নিতে হবে। পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়তে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরালোভাবে জারি থাকবে। Buro report BMG News Bangla