পুরুষ ‘লক্ষ্মী’র পর এবার নদিয়ায় দেখা মিলল ‘পুরুষ অন্নপূর্ণা’রও। রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে যখন জেলায় জেলায় উৎসাহ তুঙ্গে। তারই মাঝে নদিয়ায় খোঁজ মিলল 'পুরুষ অন্নপূর্ণা'র।
ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার চাঁদপুর গ্রামে। সঞ্জিত বিশ্বাস নামে এক গ্রামীণ চিকিৎসক, যিনি সরকারি বৃদ্ধভাতার সুবিধাভোগী, সম্প্রতি নিজের পেনশনের টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েন। ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে তিনি দেখেন, বৃদ্ধভাতার পাশাপাশি তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা বাবদ ৩ হাজার টাকা অতিরিক্ত জমা হয়েছে।
নিজে পুরুষ হওয়ায় এবং এই প্রকল্পের জন্য আবেদন না করায়, তিনি অত্যন্ত বিস্মিত। সঞ্জিতবাবু জানান, “আমি বৃদ্ধভাতার টাকা তুলতে গিয়ে এই বিষয়টি জানতে পারি। আমি বুঝতে পারছি না কীভাবে এই টাকা এল। তাই আমি অন্নপূর্ণা যোজনার ওই টাকা তুলিনি।”
” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে অবহিত করবেন। পাশাপাশি সরকারি নিয়ম মেনে যদি এই টাকা ভুলবশত তাঁর অ্যাকাউন্টে এসে থাকে, তবে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।