
*আবারও পূর্ব থানার ওসির 'হাল্লাবোল'! গোলবাজার ও প্রতাপগড়ে যৌথ অভিযানে ৩ দাগি চোর গ্রেফতার! উদ্ধার নগদ টাকা ও জলের মোটর!রাজধানী আগরতলায় চুরি ও দুষ্কৃতী দমনে ফের একবার কঠোর অবস্থান নিয়ে 'হাল্লাবোল' অভিযান চালাল পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গোলবাজার এবং প্রতাপগড় অঞ্চল থেকে জলের মোটর ও নগদ টাকা চুরির ঘটনায় জড়িত ৩ জন দাগি চোরকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব আগরতলা থানা ও গোলবাজার ফাঁড়ি-র যৌথ উদ্যোগ ও ক্ষিপ্র তৎপরতায় এই সাফল্য এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকাটিতে জলের মোটর এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর হলো 138/2026। তদন্তে নেমে গোপন সূত্রের খবর ও স্থানীয় নজরদারির ভিত্তিতে গোলবাজার ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের বিশেষ টিম গোলবাজার ও প্রতাপগড়ের বিভিন্ন গোপন আস্তানায় একযোগে অভিযান চালায়।
অভিযানে চুরির সাথে সরাসরি যুক্ত ৩ জন কুখ্যাত দাগি চোরকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরিকৃত জলের মোটর এবং নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা।
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন, শহর এলাকায় যেকোনো ধরনের চুরি, ছিনতাই বা দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই জিরো-টলারেন্স নীতি ও 'হাল্লাবোল' অভিযান অব্যাহত থাকবে। ধৃত ৩ চোরের সাথে আর কোনো বড় চক্র বা পুরোনো চুরির যোগসাজশ রয়েছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।