
ফের ভাঙন মমতা-অনুগামী তৃণমূলে! বসিরহাটে দলবেঁধে ১৪ পঞ্চায়েত সদস্যের NCPI-তে যোগ
বসিরহাট:আবারও বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ঘর ভেঙে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে যোগ দিলেন একসঙ্গে ১৪ জন পঞ্চায়েত সদস্য ও নেতৃত্ব।
মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে বর্তমান মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা ২৯। তার মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ১৪ জন সদস্য-সদস্যা আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে NCPI-র পতাকা হাতে তুলে নিলেন। এই যোগদানের ফলে এলাকায় পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণে বড়সড় বদল আসতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কেন হঠাৎ এই দলবদল?
যোগদানকারীদের দাবি, দলবদলের পিছনে কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। এলাকার সার্বিক উন্নয়নের জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁরা জানান, এলাকায় রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁদের প্রধান লক্ষ্য। তৃণমূলে থেকে সেই কাজ করা যাচ্ছিল না বলেই তাঁদের অভিযোগ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ যোগদানকারীরা
যোগদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করেন নবাগত NCPI নেতারা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর 'জনমুখী কাজকর্ম ও নীতি' দেখেই তাঁরা অনুপ্রাণিত। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভাবনার সঙ্গে যুক্ত হতেই তাঁরা তৃণমূল ছেড়েছেন।
পুরভোটের আগে তাৎপর্যপূর্ণ দলবদল
একদিকে NCPI চাইছে আগামী পুরভোটে বিজেপি তাদের কিছু আসন ছাড়ুক। এই আবহেই স্থানীয় স্তরে এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বসিরহাটের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের NCPI-তে যোগদান আগামী পুরভোটের আগে রাজনৈতিক চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।