
স্বজনপোষণ, দুর্নীতি! হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টের বিচারপতির
দেশের বিচারবিভাগে নজিরবিহীন ঘটনা। রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা।
সুপ্রিম কোর্টের বিচারপতি মেহতা, যাঁর নিজেরও মূল হাইকোর্ট রাজস্থান, প্রধান বিচারপতি সূর্য কান্তকে ২, ১০ ও ১৭ আগস্ট তিনটি চিঠি লিখে অবিলম্বে বাইরের রাজ্য থেকে একজন স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি শর্মার বিরুদ্ধে "অপশাসন", "অনিয়ম", "স্বজনপোষণ" এবং "পক্ষপাতিত্বের" অভিযোগ তুলেছেন।
বিচারপতি মেহতা রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এনে মোট তিনটি চিঠি লিখেছেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অন্য বেঞ্চের কার্যতালিকাভুক্ত স্পর্শকাতর মামলাগুলি নিয়মবহির্ভূতভাবে নিজের বেঞ্চে স্থানান্তরিত করে নিচ্ছেন প্রধান বিচারপতি শর্মা। গত ২ অগাস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রথম চিঠিটি পাঠান বিচারপতি মেহতা। ওই বিচারপতির বিরুদ্ধে স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহারের মতো বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ অগস্ট এই বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি মেহতা। তাঁর দাবি, রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি যে কাজ করছেন, তাতে তাঁর মূল্যবোধ নিয়েই প্রশ্ন উঠছে। ১০ অগস্ট আরও একটি চিঠি লেখেন বিচারপতি মেহতা। বিচারপতি মেহতা তার পরের চিঠিটি লেখেন ১৭ অগস্ট। গোটা রাজস্থান হাই কোর্ট যেভাবে চলছে, সেটা নিয়েই উদ্বেগপ্রকাশ করেন বিচারপতি মেহতা। ভারতীয় বিচারব্যবস্থায় কোনও একজন হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে আর একজন বিচারপতিই এভাবে অভিযোগ করছেন, বিষয়টি বিরল।
বিচারপতি মেহতা সরাসরি রাজস্থানের প্রধান বিচারপতির অপসারণ চাইছেন। রাজস্থান হাই কোর্টে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা। মাঝে তাঁকে হরিয়ানা হাই কোর্টে বদলি করা হয়। কিন্তু স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি রাজস্থান হাই কোর্টে ফিরতে চান। পরে তাঁকে ফের রাজস্থানে বদলি করা হয়।
বিচারপতি সন্দীপ মেহতা সরাসরি রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার অপসারণ এবং তাঁকে অন্য রাজ্যে বদলি করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি সেখানে অবিলম্বে অন্য কোনো হাই কোর্ট থেকে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়ামকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন যে, এই অভিযোগগুলি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।