
রিয়েলিটি শো-এর সেটে মর্মান্তিক দুর্ঘটনা, শোকের ছায়া টলিপাড়ায়
কলকাতা: রিয়েলিটি শো-এর সেট তৈরির কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে জোকার নারায়ণী স্টুডিওতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিপাড়ায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ স্টুডিও চত্বরে একটি রিয়েলিটি শো-এর শেড তৈরির কাজ চলছিল। সেই কাজেই ব্যস্ত ছিলেন চন্দ্রকান্ত। তিনি ওইশো-এর সেটের জন্য একটি ফ্লেক্স লাগাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্লেক্স লাগানোর সময়ই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। গুরুতর আহত হন চন্দ্রকান্ত। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি।
মৃতের নাম চন্দ্রকান্ত। তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। কাজের সূত্রে তিনি কলকাতায় এসেছিলেন।
ঘটনাটি হরিদেবপুর থানা এলাকার অন্তর্গত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। সেট নির্মাণের সময় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় স্টুডিও চত্বরে থাকা অন্যান্য কর্মী ও কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। রিয়েলিটি শো-এর শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে.
#kolkata #Tollygunge #tollygungestudio #Haridebpur