রাস্তা বা ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার জন্য, তা সংসার পাতার জায়গা নয়—রবিবার ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়ে দোকানিদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাথ ও রাস্তার বড় অংশ জুড়ে জবরদখল দেখে ব্যবসায়ীদের দ্রুত রাস্তা খালি করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
এ দিন সকাল দশটা নাগাদ ভবানীপুর থানা ও কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে–সহ আধিকারিকদের সঙ্গে নিয়ে ল্যান্সডাউন বাজারে আচমকা পরিদর্শনে পৌঁছন পুরমন্ত্রী। বাজারের ঘিঞ্জি পরিবেশ এবং ফুটপাথের উপরে ফলের ক্রেট, সবজির পসরা ও ত্রিপল টাঙিয়ে স্থায়ী কাঠামোর মতো জবরদখল দেখে উষ্মা জানান অগ্নিমিত্রা। একের পর এক মাছ, মাংস ও ফলের দোকানে ঢুকে তিনি দোকানিদের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে ফুটপাথের অন্তত দুই-তৃতীয়াংশ জায়গা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেন।