লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ এই নিয়ে টানা দু’বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এলেন না কংগ্রেসের দুই শীর্ষ নেতা৷ দুই কংগ্রেস নেতার এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা পান। সূত্রের খবর, অনুষ্ঠানে তাঁকে দ্বিতীয় বা তৃতীয় সারিতে আসন দেওয়া হয়েছিল। তবে সেখানে পৌঁছতে হাঁটাচলা তাঁর জন্য কিছুটা অসুবিধাজনক হওয়ায় তিনি অনুষ্ঠানে যাননি বলে দাবি কংগ্রেসের। জানা গিয়েছে, পরিবর্তে কংগ্রেস সদর দফতরে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন।