ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু, কয়েক দিনের ব্যবধানে সুন্দরীর পর এবার গেল ‘সুন্দর’
Bengal icon news,কুলতলী: দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে ফের বাঘের মৃত্যু। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে সংক্রমণজনিত অসুস্থতার কারণে ‘সুন্দর’-এর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানান, সংক্রমণের কারণেই বাঘটিকে চিকিৎসা করা হচ্ছিল।
এর আগে কয়েক দিন আগেই একই কেন্দ্রে মৃত্যু হয়েছিল ‘সুন্দরী’ নামে একটি বাঘিনীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি বাঘের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে বন্যপ্রাণপ্রেমীদের মধ্যে।
প্রায় ১৬ বছর ধরে বেঁচে থাকা ‘সুন্দর’ দীর্ঘদিন ধরে এই পুনর্বাসন কেন্দ্রে ছিল। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
পরপর দুই বাঘের মৃত্যুতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা ও বাঘগুলির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুন্দর’-কে সুস্থ করে তুলতে চিকিৎসার সমস্তরকম চেষ্টা করা হয়েছিল। বাঘের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্যপ্রাণপ্রেমী মহলে।