*উত্তরবঙ্গে অমিত শাহ, বাগডোগরায় নামতেই স্বাগত—নিউ চামটায় আজ রাত, কাল ঠাসা কর্মসূচি*
শিলিগুড়ি : তিন দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক দুর্গা মুর্মু-সহ অন্যান্যরা। বিমানবন্দর থেকে সড়কপথে নিউ চামটার একটি বেসরকারি রিসর্টে পৌঁছন অমিত শাহ। সেখানেই বৃহস্পতিবার রাতে রাত্রিযাপন করবেন তিনি।
শুক্রবার সকাল থেকেই শুরু হবে তাঁর ঠাসা কর্মসূচি। রানিডাঙ্গায় এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানেই মধ্যাহ্নভোজের পাশাপাশি ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এরপর বিকেলে কাওয়াখালি মাঠে আয়োজিত বৃহৎ নাগরিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
কাওয়াখালির কর্মসূচি শেষে ফের নিউ চামটার রিসর্টে ফিরবেন অমিত শাহ। শুক্রবার রাতে সেখানে পরপর দুটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং হওয়ার কথা রয়েছে। বিএসএফ, এসএসবি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা, অনুপ্রবেশ, পাচার এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকগুলির বিষয়বস্তু নিয়ে এখনও গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
শনিবারও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিতে। জেলা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আরও দুটি রিভিউ মিটিং করার কথা রয়েছে। যদিও এই বৈঠকগুলির বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। সব কর্মসূচি শেষ করে শনিবারই বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা অমিত শাহের। তিন দিনের এই সফরে নাগরিক কর্মসূচির পাশাপাশি উত্তরবঙ্গের সীমান্ত ও শিলিগুড়ি করিডরের নিরাপত্তাই যে বিশেষ গুরুত্ব পাচ্ছে, তা তাঁর কর্মসূচির তালিকাতেই স্পষ্ট।