শ্রাবণী মিউজিক আকাদেমির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত সারদা মঞ্চ
এন এইচ নিউজ, হাইলাকান্দি, ৪ নভেম্বর: সঙ্গীত, সংস্কৃতি ও আন্তরিকতার আবহে সুসম্পন্ন হলো শ্রাবণী মিউজিক আকাদেমির বিজয়া সম্মিলনী। গত ১ নভেম্বর, রবিবার হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সারদা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ড. মিলন দাস। আকাদেমির অধ্যক্ষ শ্রাবণী ভট্টাচার্য এবং তাঁর ছাত্রছাত্রীদের উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রথাগত বরণ পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমবেতভাবে প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শেখর চৌধুরী, সহ-সভাপতি রত্নদীপ ভট্টাচার্য, সম্পাদক দেবোজিৎ চক্রবর্তী, বিধায়ক ড. মিলন দাস, কাছাড় জেলার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কিরণলাল বৈষ্ণব, তবলাগুরু সত্যব্রত পুরকায়স্থ, সলিল পুরকায়স্থ ও রাজেশ চক্রবর্তী।
অনুষ্ঠানের সূচনায় শ্রাবণী মিউজিক আকাদেমির সকল শিক্ষার্থী সমবেতভাবে দুর্গা বন্দনা ‘জগজননী জয় জয়’ পরিবেশন করে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সম্মিলিত এই আন্তরিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবলায় রাজজ্যোতি চৌধুরী এবং সিন্থেসাইজারে রঞ্জিত দেবের সুনিপুণ সঙ্গত প্রতিটি পরিবেশনাকে আরও মনোগ্রাহী করে তোলে।
এরপর আকাদেমির সর্বকনিষ্ঠ ‘ক’ বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘সা বলে শোনো শোনো রে বলে কেরে’ গানটি। এতে অংশগ্রহণ করে রচয়িতা চক্রবর্তী, শুভশ্রী দেবরায়, কৃপাময়ী চৌধুরী, দেবপ্রিয়া তরাত, আরাত্রিকা দেব, শরণ্যা ভট্টাচার্য, সোহম সরকার, স্বর্ণামিকা দেব ও আয়ুশী ভরদ্বাজ।
পরবর্তী পর্যায়ে ‘খ’ বিভাগের নবীন শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘রুমঝুম রুমঝুম নুপূর বাজে’ গানটি। এই পরিবেশনায় অংশ নেয় ভার্গবী দেব, ধুর্জটী সেনগুপ্ত, সানভী পাল চৌধুরী, দীপাংশি দে, দীক্ষিতা চৌধুরী, অপরূপা সরকার, দেবার্পণ চক্রবর্তী ও অস্মিতা ভট্টাচার্য।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্মারক সম্মাননা প্রদান করা হয় সত্যব্রত পুরকায়স্থ, সলিল পুরকায়স্থ, রাজেশ চক্রবর্তী ও কিরণলাল বৈষ্ণবকে। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা শ্রাবণী মিউজিক আকাদেমির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
এরপর মঞ্চে আসে আকাদেমির ‘গ’ বিভাগের শিক্ষার্থীরা। কাজী নজরুল ইসলামের ‘জয় হোক জয় হোক’ গানটি তাদের সম্মিলিত পরিবেশনায় বিশেষ মাত্রা যোগ করে। এতে অংশগ্রহণ করে জয়িতা চক্রবর্তী, জয়শ্রী দেব, মধুপর্ণা চক্রবর্তী, চৈতালী চক্রবর্তী, মিশমী চক্রবর্তী, একান্তিকা বৈষ্ণব, ধৃতিকা বৈষ্ণব, অনামিকা দেব, সোনাক্ষী পাল, মনীষা ভট্টাচার্য, অনীষা শৈলা, সোনালী পুরকায়স্থ, মৌসুমি শীল, অনীষা দেব, বৃথী দাস, রিদ্ধি পুরকায়স্থ, অন্বেষা ধর ও সম্রাজ্ঞী শর্মা মজুমদার।
একক সঙ্গীত পরিবেশনার পর্বে মঞ্চে আসেন আকাদেমির ছাত্রী কল্পিতা নাথ মজুমদার। বর্তমানে দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী, শিলচরের নিয়মিত শিল্পী কল্পিতা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গান মিলিয়ে মোট পাঁচটি গান পরিবেশন করেন। তাঁর মনোগ্রাহী পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
এদিন অভিজ্ঞ সঙ্গীতগুরু দীপ্তি দত্তকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সম্মানিত করা হয় বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও সংগঠক শঙ্কর চৌধুরী, আবৃত্তিকার বিজয়িনী ভট্টাচার্য, গল্পকার মহাশ্বেতা দেব, যোগা শিক্ষক শিবতোষ কংস বণিক এবং বিজ্ঞান শিক্ষক ও আইনজীবী দীলিপ কুমার ভট্টাচার্যকে।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে আকাদেমির ছাত্রী জয়িতা চক্রবর্তী ভজন পরিবেশন করেন। অন্যদিকে মিসমী চক্রবর্তী দুটি আধুনিক গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন। তাঁদের পরিবেশনাতেও ফুটে ওঠে আন্তরিকতা ও সঙ্গীতের প্রতি ভালোবাসা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও সঙ্গীতশিল্পী ড. অভিজিৎ মিত্র ও বিপ্লব দাস, বিশিষ্ট লেখক কল্লোল চৌধুরী, সাংবাদিক মিঠুলাল চৌধুরী এবং সমাজকর্মী সুব্রত শর্মা মজুমদারকে সম্মাননা জ্ঞাপন করা হয়।
আকাদেমির ছাত্রছাত্রীদের অভিভাবকদের সম্মিলিত ধামাইল পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবশেষে অনুষ্ঠানের আয়োজন সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আকাদেমির অধ্যক্ষ শ্রাবণী ভট্টাচার্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তীর্থঙ্কর চক্রবর্তী।